বৃষ্টিকে বলেছিলাম

বৃষ্টিকে বলেছিলাম এভাবে
 একা একা চলা ঠিক নয়
আজকাল দিনকাল ভাল নয়
সুদূর সমুদ্র থেকে ওঠে আসা মুসাফির 
যেখানে সেখানে নেমে যাওয়া 
যার তার ডাকে সাড়া দেওয়া 
ভালবাসার নামে খুন হয়ে যেতে পার নিমেষে 
আকসার রঙ হয়ে  দৈনিকের পাতায় 
স্বাদের রুচি বাড়াতে পারো শিরোনামে 

তোমার উত্তুঙ্গ বুকে পাহাড়ের নজর পড়ে 
নদী ডাকে - ডাকে বিস্তৃত সবুজ মাঠ
ঝর্ণার ঝর ঝর শব্দে তোমার অভিলাষ 
দিগন্তে উড়ন্ত চাতকের অনন্ত পিয়াস
তাই সাবধানে পা ফেল হাওয়া ভাল নয়


তুমি তোমাকে আর কতটুকু  বুঝো
তার চেয়ে বেশি বুঝে তোমার অভিসারী
সুযোগের সন্ধিক্ষণে নেমে আসতে পারে 
চকচকে তরবারি বিশ্বাসের তরী বেয়ে 
আগেভাগে থাকা চাই হুঁশিয়ার।   




Comments