পুশব্যাক।
পুশব্যাক
মোহাজির হুসেইন চৌধুরী।।
একঝাঁক বৃষ্টি আর উথল হাওয়া
বয়ে গেল অশীতিপর দেহের উপর
সারাদিন সারারাত কাঁপলো শরীর
কোন জন্তু জানোয়ারের নয় মানুষের
কাঁটা তারের ফাঁক দিয়ে কতিপয় অমানুষের চোখ
উপভোগের নজরে মজা দেখল - দেখতে থাকলো
দাঁড়িটুপির বেষ্টনে ওরা না কী বাংলাদেশি
ফেলে রাখা হল নো ম্যানস ল্যাণ্ডের খোলা মাঠে
লোকটা তিলে তিলে গড়ে তুলেছিল একটা আকাশ
স্বেদবিন্দুর বিনিময়ে টানাটানির সংসার
চর ভেঙে চর বদলের খেলায়
ডকুমেন্ট ভেসে গেল লুইতের বুকে
তবু বেঁধেছিল ঘর সুখে দুখে
এখানে তার দাদার কবর প্রপিতামহের হাড়
ডিএনএর সাক্ষী বহন করছে
হঠাৎ গভীর রাতে বুটের শব্দে ঘুম ভাঙল
পুলিশ! পুলিশ!
উদং গায়ে কী নির্মম এই পুশব্যাক
মাঝখানে কাঁটাতার অথচ ভাষা এক
চেহারায় দাঁঢ়ি পরনে লুঙ্গি ধর্মে মুসলমান
এই অপরাধে স্বদেশ হারায়ে ঘাড়ে কোপ
নো ম্যান্স ল্যাণ্ড বিস্ময়ে চেয়ে দেখে
থুথথুরে বুড়াটার ভেজা শরীর কাঁপছে
মানুষটা না-মানুষের সুরতে দুটো হাত
উপরে তুলে বিড়বিড় করে কিছু বলছে
তমসার তরংগ ঢেকে দিচ্ছে সভ্যতার
গর্বিত মিনার। দূর থেকে ভেসে আসছে
শঙ্খধ্বনি আর সুরেলা আজান।
Comments
Post a Comment