নিমগ্ন সন্ধানে

নিমগ্ন সন্ধানে 
   - মোহাজির হুসেইন চৌধুরী।। 

ঠিক চোখের উপর পাতায় বসে আছো 
বারবার মেলি আর বন্ধ করি
উপরে আকাশ দেখি নীল
 নীচে মাটির সোঁধা গন্ধ নাকে আসে 
কানে ভাসে উড়ন্ত পাখির গান 
তোমাকে খুঁজি এখানে ওখানে 

হাড়জিরজিরে পাহাড় হেসে ওঠে 
বৃষ্টির ফোটা নেমে আসে 
নদী বয়ে যায় কুলকুল রবে
সব দেখি ভেসে ওঠে চোখের কণীকায়

দিনের আলোয় রাতের আঁধারে 
জ্যোস্নাময় ঘাসের শিয়রে
চকচকে শিশির বিন্দুর অজস্র শ্বাসে 
ফুলের কলিতে মগ্ন 
প্রজাপতির রঙিন ডানায়  
তন্নতন্ন করে তোমাকে খুঁজি

মনে হয় দেখা হবে শেষ নি:শ্বাসের পর
অন্য কোথাও একান্ত নির্জনে
বিরহের শেষ সীমানায় তুমি 
দাঁড়িয়ে আছো আমার অপেক্ষায় 
অথচ এতো কাছে চোখের উপর পাতায় 
দিব্যি তুমি বসে আছো 
আমি খুঁজি খুঁজি আর খুঁজি
ব্যর্থ জীবন কাটে নিরালায়।  


 

Comments