যেভাবে তুমি চাও
যেভাবে তুমি চাও
- মোহাজির হুসেইন চৌধুরী।।
যেভাবে তুমি চাও ঠিক সেভাবে আমি দাঁড়াতে পারিনা
তোমার কথা মনে পড়লেই কেমন যেন
একটা অন্য বোধ শরীর বেয়ে নামে
আমি ক্ষণিকের জন্য বিচলিত হয়ে পড়ি
একটা প্রচণ্ড যাদুকরের মতো
তোমার ইশারায় আমার শরীরের
সমস্ত রগ রেশা লাফাতে থাকে,
ধীরে ধীরে আমি হয়ে ওঠি
তোমার আজ্ঞাবহ দাস কিংবা ক্রীতদাস
একটা আবেশে বেশ কিছুক্ষণ কেটে যায়
আনমনা উদাস যেন আমি আমাতে নেই
তোমাকে দেখলেই একটা ভয় কাজ করে
ভয় নাকি অন্যকিছু!
জিব্রাইলের মতো ছোট হতে হতে
একটা পিঁপড়ার মতো নিজেকে অণুজীব মনে করি
ভয়ের সঙ্গে প্রেমের পিপাসা বেড়ে যায় দ্রুত গতি
তখন আকাশটা আর আকাশ থাকেনা
রঙিন মেঘের ছাউনি আর প্রজাপতির স্বপ্ন
দূর নীলিমা থেকে নেমে আসে আমার কাছে
আমি মিশে যেতে চাই তোমার সত্বায়
আনাল হকের চিৎকার শুরু হয়ে যায়
সমস্ত শরীর জুড়ে
একা আমি খুব কাঁদি আকাশ ভাঙা মেঘ
আমি নির্জনতা চাই যেন শুধু তুমি আর আমি
নিরালায় প্রেম নিবেদন করি গোপন অভিলাষে।
Comments
Post a Comment