বাঁধন হারা
বাঁধন হারা
--- মোহাজির হুসেইন চৌধুরী।।
আমাকে একমুঠো অবকাশ দাও
আমি দেব একটা রঙিন আকাশ
আমাকে একরাশ হাসি দাও
আমি ফরহাদের মতো পাহাড় কেটে
এনে দেব ভালবাসার নির্ঝর
লাইলীর বিরহী চোখে এঁকে দেব
প্রেমের অনবদ্য ছন্দ
উন্মাদের মতো ছুটে যাব
দিক হতে দিগন্তরে
প্রেম পিপাসুর অনিবার তৃষা নিয়ে
মেলে দেব নিজেকে
সাগরে বিছানো কার্পেটের উপর
ঢেউয়ের পর ঢেউ খেলে যাবে এ বুকে
বর্ষাবে বারিধারা
আমার ভালবাসা সেদিন
পাহাড় চূড়ায় কেতন উড়ায়ে
জানিয়ে দিবে আমি
অলঙ্ঘ্য এক বাঁধন হারা
Comments
Post a Comment