কোথায় দাঁড়িয়ে আছো
কোথায় দাঁড়িয়ে আছো
- মোহাজির হুসেইন চৌধুরী।
একবার আকাশের দিকে চেয়ে দেখো
একবার মাটির চারপাশ
তোমার চারদিকের দেয়াল
প্রতিদিন কেমন রঙ বদলে যাচ্ছে
বিশ্বাসের প্রতিশব্দগুলো
সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাথাল
কোথায় দাঁড়িয়ে আছো?
হাওয়ার দোলন্ত বুকে
নাকি চলন্ত ছায়ার আশ্বাসে
নিজেকে বিশ্বাস করতে পারছো?
তোমার পাশ দিয়ে যে মানুষটা
এই মাত্র হনহন করে চলে গেল
তার মুখটা কতটুকু চেনা না অচেনা
তার প্রতি বিশ্বাস না ভয়
না অন্য কোন সংশয়
জেগে ছিল তোমার মনে
কোন ভালবাসা বা বিস্ময়
স্থান পেয়েছিল তাৎক্ষণিক
তোমার অবগুণ্ঠিত মনে?
যত বয়স বাড়ছে বাসনার অতৃপ্তি
চারদিকে ঘিরে ধরছে আগাছায়
পরিত্যক্ত ভাঙা বাড়ির মতো
প্রিয় ফুলগুলো লাফাচ্ছে উঠুন জুড়ে
নবযৌবনা ভ্রমরের সহবত পেতে
রঙ মেখে রঙের খেলা
আগন্তুকের অপেক্ষায় দরজার পর্দাগুলো
দোল খাচ্ছে অনর্গল। তুমি পড়ে আছো
নীরব নিথর যেন ক্লান্ত ট্রেনের চাকা
উপরে নীচে ডানে বামে সবারই রঙ বদলায়
শুধু তুমি নির্বিকার পড়ে আছো
কোন তিন সত্যির মোহানায়
স্থিতির অন্ধকূপে আবদ্ধ জঞ্জালে।
Comments
Post a Comment