বাসা বাধবো মেঘের দেশে।।

বাসা বাধবো মেঘের দেশে।। 
      - মোহাজির হুসেইন চৌধুরী। 

বাঙালি হয়ে জন্ম নিয়েছি এই বাঙলার বুকে 
আসামের প্রান্ত সীমায় হাজার  বছর আগে
প্রপিতামহের হাড়ের গন্ধ এ মাটির শিরায় শিরায়
পথে পথে আজ পাড়ায় পাড়ায় 
জিজ্ঞাসার হাজারো প্রশ্নে জর্জরিত 
আমার পরিচয় 
কখনো মিয়া কখনো ঘুসপেটি
কারো শ্লোগানে আমি বাংলাদেশী
এন আর সি তে বংশবৃক্ষে শেষ স্বেদবিন্দু
রক্তাকারে ঢেলে দিয়ে 
প্রমাণ করতে হল এখানে আমার বাড়ি 
এখানে আমার ঘর তারপরও 
গেলনা মিছে তকমা 
কে আমার মা কে আমার বাবা
কোনটা বা আমার দেশ
তাহলে আমি এক বায়বীয় সন্তান? 

আজ থেকে বাসা বাধবো মেঘের দেশে 
ওড়ে যাবো দূর থেকে দূরে অনিকেত নিরুদ্দেশে
দু:খের গলিতে ঘুরে বৃষ্টি হয়ে পড়ব ঝরে 
তোমাদের বাড়ির উঠোনে
 আগুনের উল্কা বৃষ্টি নয় 
করুণার বারিধারা হয়ে 
অন্তরীক্ষ  থেকে 

তবু বলতে পারবো আমি জারজ নই
এই দেশে এই হাওয়ায় এই তৃণভূমে
আমি জন্মেছি তোমাদের অনেক আগে 
ভূমিপুত্র ভূমিকন্যা নই মাটির সন্তান 
ইতিহাস ক্ষয়ে যেতে পারে 
উইপোকা খেয়ে নিতে পারে
আমার কংকালে পাবে আমার পরিচয় 
সাক্ষী দিবে বুকের প্রতিটি হাড়
আমি আবাদ করেছি 
এই ভূমি জঙ্গল পাহাড় ভাষা ও সংস্কৃতি 
আমি আসামের বাঙালি জুলুমের শিকার হয়েও অস্তিত্ব বিকিয়ে দেইনি 
দেবোনা কোনদিন। 
তোমরা যতই ভাবো মিয়াদের কষ্ট দিয়ে 
রুষ্ট করে তাড়িয়ে দিবে এই ভূমি হতে 
আমরা মেঘের কোলে আকাশের বুক জুড়ে 
উড়ে উড়ে পুষিয়ে নেব সকল অপবাদ 
ঘর বাধবো মেঘের দেশে 
বারবার ফিরে আসব আমার মাতৃজঠরে
আমার মাতৃভূমি আমার স্বদেশে 

Comments